মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

ছাদবাগানেই চাষ করুন শীতকালীন সবজি, জেনে নিন উপায়

লাইফস্টাইল ডেস্ক

Rising Cumilla -Grow winter vegetables on your rooftop garden
ছাদবাগানেই চাষ করুন শীতকালীন সবজি, জেনে নিন উপায়/ছবি: এআই/রাইজিং কুমিল্লা

শীতকাল মানেই হলো টাটকা শাক-সবজির মৌসুম। এই সময় যেমন বাজারে নানা ধরনের সবজি পাওয়া যায়, তেমনই নিজের ছাদবাগান বা বারান্দাতেও খুব সহজে চাষ করা যায় পুষ্টিগুণে ভরপুর নানান শাক-সবজি।

এর প্রধান সুবিধা হলো— একদিকে যেমন পরিবারের জন্য মিলবে রাসায়নিকমুক্ত স্বাস্থ্যকর সবজি, অন্যদিকে গাছের পরিচর্যা ও যত্ন নেওয়াও হয়ে উঠবে এক দারুণ আনন্দের বিষয়।

বিশেষজ্ঞদের মতে, শাক-সবজি চাষের জন্য শীতকালই সবচেয়ে উপযুক্ত সময়। ঠাণ্ডা আবহাওয়া এবং পর্যাপ্ত সূর্যালোকের কারণে এই সময় ফসল খুব ভালো জন্মায়। তাই আর দেরি না করে এখনই সময় আপনার ছাদবাগানে মেথি শাক, গাজর, ধনেপাতা বা পুদিনা লাগানোর।

জেনে নেওয়া যাক এই জনপ্রিয় শাক-সবজিগুলো চাষের বিস্তারিত পদ্ধতি:

১. মেথি

আমাদের রান্নাঘরে সারা বছর যে গুরুত্বপূর্ণ মসলাটি থাকে, সেটি হলো মেথি। এই মেথি চাষের জন্য:

মেথি দানা প্রথমে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। পরের দিন পানি ছেঁকে ফেলে সেই অঙ্কুরিত মেথি দানা মাটিতে ছড়িয়ে দিন।

খেয়াল রাখবেন, এমন জায়গায় মেথি চারা বসানো যাবে না যেখানে সরাসরি প্রখর রোদ পৌঁছায়। বরং, বাড়ির ছাদের এমন জায়গা বেছে নিতে হবে যেখানে সরাসরি রোদ পৌঁছায় না, কিন্তু পর্যাপ্ত আলো থাকে।

মেথি শাক চাষের জন্য বিশেষ মাটি প্রয়োজন। ভালো ফলনের জন্য, মাটির সঙ্গে ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

সার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন সবজির খোসা, চাল, ডাল অথবা মাছ ধোয়া পানি।

২. গাজর

শীতের আরও একটি জনপ্রিয় সবজি হলো গাজর। আপনার বাড়ির ছাদবাগানে খুব সহজেই গাজরও চাষ করতে পারেন:

বীজ সংগ্রহ করে তা মাটিতে বপন করতে হবে। তবে বীজ বোনার আগে তা চব্বিশ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর অতিরিক্ত পানি মুছে মাটিতে ছড়িয়ে দিতে পারেন।

গাজর চাষের ক্ষেত্রে প্রচুর পানি দেওয়ার প্রয়োজন নেই। বরং, স্প্রে করে পানি দিতে হবে মাটিতে।

মাটি তৈরির ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। পঞ্চাশ শতাংশ বালিমাটি এবং পঞ্চাশ শতাংশ কোকোপিট মিশিয়ে নিয়ে মাটি তৈরি করে তাতে গাজর চাষ করুন।

সঠিক যত্নের সঙ্গে চাষ করলে দুই মাসের মধ্যে গাজর গাছ মোটামুটি বেড়ে যায় এবং ধীরে ধীরে তাতে ফলন হতেও শুরু করে।

সঠিক যত্নে শীতের এই মৌসুমে আপনার বাড়ির ছাদেই ফলাতে পারবেন আপনার পছন্দের পুষ্টিকর শাক-সবজি।

 

সূত্র : সংবাদ প্রতিদিন

আরও পড়ুন