
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে ছড়িয়ে পড়া সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচলেও। গত ২৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ থেকে পরিচালিত অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
সবশেষ বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ থেকে পরিচালিত বিভিন্ন এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে গত ছয় দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে এসব রুটে চলাচলকারী ফ্লাইটগুলো ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি ও ৫ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কাতারের ৪টি, কুয়েতের ৪টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি এবং ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের দেশে ফিরিয়ে আনে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC