
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার চত্বরে গরু প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের ওপর দা দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বাহাদুর হোসেন বাদল (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আটক বাদল চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। হামলায় আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম, তিনি চৌদ্দগ্রাম থানায় কর্মরত কনস্টেবল।
পুলিশ সূত্রে জানা গেছে, বাহাদুর হোসেন বাদল নিয়মিতভাবে চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করতেন। এতে থানার ভেতরে থাকা বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছ নষ্ট হচ্ছিল। এ কারণে তাকে একাধিকবার গরু নিয়ে থানা চত্বরে প্রবেশ না করতে নিষেধ করা হয়।
তবুও গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাদল একাধিক গরু নিয়ে আবারও থানা চত্বরে ঢুকে পড়েন। এ সময় কনস্টেবল শরিফুল ইসলাম তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দা দিয়ে শরিফুল ইসলামের মাথায় কোপ দেন।
হামলার পর আহত কনস্টেবল শরিফুল ইসলামের চিৎকার শুনে থানার ভেতর থেকে অন্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে বাদলকে আটক করেন।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম জানান, এ ঘটনায় বাহাদুর হোসেন বাদলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC