
নিজস্ব প্রতিবেদক
‘আপনার চোখকে ভালোবাসুন’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে কুমিল্লার বিভিন্ন চিকিৎসক অংশ নেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) কুমিল্লা শাখার উদ্যোগে নগরীর ঝাউতলা এলাকা থেকে র্যালিটি শুরু হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি কুমিল্লা টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল পপুলার ফার্মাসিউটিক্যালস।
সভায় বক্তারা বলেন, ‘আপনার চোখকে ভালোবাসুন’—এটি শুধু বিশ্ব দৃষ্টি দিবসের একটি স্লোগান নয়; বরং সবার জন্য চোখের যত্ন ও দৃষ্টি সুরক্ষায় সচেতন হওয়ার গুরুত্বপূর্ণ আহ্বান। চোখ মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অনেক সময় চোখের ছোটখাটো সমস্যা থেকেই পরবর্তীতে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে।
তারা বলেন, বিশেষ করে শিশুদের দৃষ্টিজনিত সমস্যা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি। নিয়মিত চোখ পরীক্ষা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে অনেক দৃষ্টিজনিত সমস্যা প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব।
বক্তারা আরও বলেন, বিশ্ব দৃষ্টি দিবসের এই আয়োজনের মাধ্যমে নিজেদের চোখের যত্ন নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদেরও চোখের যত্নে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে শিশুদের চোখের কোনো সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) কুমিল্লার সভাপতি প্রফেসর ডা. মো. বেলাল, সাধারণ সম্পাদক ডা. এএম আনিছুর রহমান, উপদেষ্টা প্রফেসর ডা. জামাল নিজম উদ্দিন আহামেদ, প্রফেসর ডা. মিজানুর রহমান, প্রফেসর ডা. নাজমুস সাদাত পিলু, প্রফেসর ডা. মোস্তফা কামাল মজুমদার, ডা. হাবিবুর রহমান, ডা. জিয়া উদ্দিন শিকদার, সাধারণ সম্পাদক ডা. মো. আরিফুল ইসলাম ও কোষাধ্যক্ষ ডা. আশিকুর রহমান ভূঁঞাসহ সংগঠনের অন্যান্য চিকিৎসকরা।
এ সময় বক্তারা চোখের সুস্থতা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC