
রাইজিং কুমিল্লা ডেস্ক
চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নবম পে স্কেল অনুসরণের আলোকে জারি করা এ নির্দেশনায় ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে ও পরে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের জন্য পৃথক বিধান রাখা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এ সিদ্ধান্ত ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাদের চুক্তি সংশোধন করে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।
এ ক্ষেত্রে ১ জুলাই থেকে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুযায়ী তাদের বেতন পুনর্নির্ধারণ করা হবে। পাশাপাশি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর বিধান অনুযায়ী তারা বর্ধিত হারে বেতন পাবেন। তবে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না। চুক্তি অনুযায়ী প্রাপ্য অন্যান্য ভাতাও বহাল থাকবে।
এ বিষয়ে ২০১৬ সালের ২৬ জানুয়ারি অর্থ বিভাগ থেকে জারি করা আগের প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, ২০২৬ সালের ১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বা নিয়োগ পেতে যাওয়া ব্যক্তিদের বেতন নির্ধারণে ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হবে। তাদের অবসরের অব্যবহিত আগে জাতীয় বেতন স্কেল অনুযায়ী যে গ্রেড ও ধাপে মূল বেতন পেতেন, নতুন বেতন স্কেলে সেই গ্রেড ও ধাপের বেতন বিবেচনায় নিয়ে চুক্তিভিত্তিক পদের বেতন নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে নির্ধারিত বিধান অনুসারে বর্ধিত হারে বেতন ও প্রযোজ্য ভাতা দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা সরকার ও নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তিতে নির্ধারিত বেতনই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এ ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগে নির্ধারিত বেতন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির মোট পেনশন বাদ দেওয়া হবে না। পেনশনের ক্ষেত্রে কম্যুটেশন বা সমর্পণের আগের অঙ্ক এবং বিশেষ অতিরিক্ত পেনশন থাকলে সেটিও বিবেচনায় থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC