
রাইজিং কুমিল্লা ডেস্ক
টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও উল্লেখযোগ্য হারে বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবি স্বর্ণ) মূল্য বৃদ্ধির কারণে প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্যতালিকা প্রকাশ করা হয়। বাজুস জানিয়েছে, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১১ জুন স্বর্ণের দাম কমিয়েছিল সংগঠনটি। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
শুধু স্বর্ণই নয়, রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা বেড়ে ৫ হাজার ১৩২ টাকা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৮ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৪৫ বার, যার মধ্যে ২৩ বার বেড়েছে এবং ২২ বার কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের দামের পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে ঘন ঘন স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC