
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত রূপান্তর এবং একে ১০০ শয্যায় উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (২৫ মে) বিকেলে কুমিল্লা থেকে ফেরার পথে তিনি আকস্মিকভাবে এই হাসপাতালটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের চিকিৎসাসেবা, বিভিন্ন ওয়ার্ড ও সামগ্রিক পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি রোগীদের খাবারের মান যাচাই করতে রন্ধনশালার খাবার নিজেই পরীক্ষা করে দেখেন।
দীর্ঘদিন ধরেই ৫০ শয্যার এই হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।
এছাড়া হাসপাতালের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এবং পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধার অভাবে নবস্থাপিত অক্সিজেন প্ল্যান্টটি পুরোপুরি চালু না হওয়া নিয়ে এলাকায় অসন্তোষ ছিল। হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এই সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের জরাজীর্ণ পুরাতন ভবন ও অক্সিজেন প্ল্যান্টের সমস্যার বিষয়ে তিনি স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। প্রধানমন্ত্রী সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে কাজ শুরু করার নির্দেশনা দিয়েছেন।
এর আলোকেই পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ, অক্সিজেন প্ল্যান্ট সচল রাখতে বিদ্যুৎ সাব-স্টেশন স্থাপন এবং একই সাথে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার কাজ সম্পন্ন করা হবে। এছাড়া হাসপাতালের সামনের সড়কের বেহাল দশা নিরসনে সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলে আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
মন্ত্রীর এমন আকস্মিক পরিদর্শন ও যুগান্তকারী ঘোষণায় স্থানীয় সাধারণ মানুষ ও রোগীদের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা এখন দ্রুত এই উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন দেখতে চান।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল হক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC