
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছিল স্থানীয় ছাত্র-জনতা। পরে তাকে তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল পুলিশের হাতে। খবর পেয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান স্বেচ্ছাসেবক দলের এক নেতা। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জোয়াগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চান্দিনার জোয়াগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন রনি এলাকায় চাঁদাবাজি করতেন। হুমকি-ধমকি দিয়ে বিভিন্ন জনের সম্পদ দখল করতেন। নতুন করে একজনের বাড়িতে হেলমেট পরে হামলা চালান তিনি। এ সময় তাকে আটক করে ছাত্র-জনতা। খবর পেয়ে তাকে ছাড়িয়ে নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন কানন। তার সঙ্গে ছিলেন ইউনিয়ন যুবদল নেতা বাদলসহ কয়েক বিএনপি নেতাকর্মী।
এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত ইমরান হোসেন বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা রনিকে আমরা হামলা চালানোর অভিযোগে আটক করেছিলাম। তাকে পুলিশের কাছে হস্তান্তর করার আগেই হুমকি-ধমকি দিয়ে ছাড়িয়ে নিয়ে যান স্বেচ্ছাসেবক দলের নেতা গিয়াস উদ্দিন কাননসহ স্থানীয় বিএনপি নেতারা।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতি পদপ্রার্থী কানন বলেন, ‘আরমান হোসেন রনি আমার ভাগিনা। এমরান নামে এক সমন্বয়ক তাকে আটকে চাঁদা দাবি করেছিলেন। এজন্য আমিসহ ওয়ার্ড বিএনপির নেতারা গিয়ে তাকে ছাড়িয়ে আনি।’
চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। ভিডিও ফুটেজ দেখিয়েছে। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC