
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের এক নৃশংস ঘটনা ঘটেছে। গত রোববার (৩ মে) মধ্যরাতে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এই চক্রের চার সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, বরুড়া উপজেলার এক দম্পতি অটোরিকশা যোগে মাধারপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে কামারখোলা এলাকায় পৌঁছালে তাদের অটোরিকশাটির চার্জ শেষ হয়ে যায়।
তখন তারা গাড়িটি ঠেলে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই মোটরসাইকেলে আসা তিন যুবক তাদের গতিরোধ করে এবং অশালীন আচরণ শুরু করে। পরবর্তীতে তারা ফোনের মাধ্যমে আরও দুই সহযোগীকে সেখানে ডেকে আনে। অভিযুক্তরা স্বামীকে দূরে সরিয়ে দিয়ে ওই গৃহবধূকে নিকটস্থ একটি ভুট্টাখেতে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সেখানে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।
বিপদ্গ্রস্ত স্বামী তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সাহায্য চান। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে।
এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে হাতেনাতে আটক করে। আটককৃতরা হলো, মো. আশিক, মেহেদী হাসান তারেক, মো. আরিফ এবং মো. ইসমাইল।
ভুক্তভোগী নারী কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি তাদের হাতে-পায়ে ধরে কাকুতি-মিনতি করেও রেহাই পাননি। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানিয়েছেন, এই জঘন্য অপরাধে মোট পাঁচজন জড়িত ছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC