
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার ‘কাঠের পুল’ এলাকায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাপায় স্কুলছাত্র ইবনে তায়িম নিহতের ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। ঘাতক যানের বিচার এবং ওই স্থানে একটি নিরাপদ ওভারপাস নির্মাণের দাবিতে আজ বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চান্দিনা ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সচেতন নাগরিক এবং কয়েকশ সাধারণ মানুষ অংশ নেন।
উল্লেখ্য, তিন দিন আগে মহাসড়কের কাঠের পুল এলাকায় কাভার্ড ভ্যান চাপায় নির্মমভাবে প্রাণ হারায় গোবিন্দপুর আলীমিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র ইবনে তায়িম। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ইউটার্ন ও গতির প্রতিযোগিতার কারণে এই পয়েন্টটি এখন একটি ‘ডেথ ট্র্যাপ’ বা মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
মানববন্ধনে বক্তারা সড়ক ও জনপথ বিভাগ (সওজ), স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় চান্দিনা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফজলুল সাত্তার বলেন, “এই অংশে অহরহ দুর্ঘটনা ঘটছে। মানুষের জীবন বাঁচাতে এখানে একটি ওভারপাস এখন সময়ের দাবি। প্রশাসনের অবহেলায় আর কোনো মায়ের কোল খালি হতে দেব না।” ৬নং ওয়ার্ড বিএনপি-র সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম দুর্ঘটনার কারিগরি ত্রুটি তুলে ধরে বলেন, “এখানে দুটি সংযোগ সড়ক সরাসরি মহাসড়কের ইউটার্নের সাথে মিশেছে। ফলে ছোট-বড় দুর্ঘটনা প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। জনস্বার্থে এই ইউটার্নটি অন্যত্র সরিয়ে এখানে দ্রুত ফুট ওভারব্রিজ বা ওভারপাস নির্মাণ করা জরুরি।”
এছাড়াও কাঠের পুলের পেঁয়াজের আড়তদার বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান যাতায়াতের গুরুত্ব তুলে ধরে বলেন, “চান্দিনা উপজেলার প্রধান বাজার এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই এলাকায় অবস্থিত। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী ও ব্যবসায়ী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হন। এই মরণঝুঁকি কমাতে ওভারপাসের কোনো বিকল্প নেই।”
মানববন্ধন শেষে স্থানীয় সুধী সমাজ ও এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে মহাসড়কের এই অংশে নিরাপদ যাতায়াতের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে আগামীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ইবনে তায়িমের মতো আর কোনো প্রাণ যেন অকালে ঝরে না যায়, সেটিই এখন এই জনপদের প্রধান দাবিতে পরিণত হয়েছে।









