
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের হারং উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় বড় ধরনের একটি নাশকতার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ভোটকেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি ছেনি, ৪টি চায়নিজ কুড়াল, ২টি রামদা, ২টি ছুরি এবং বেশ কিছু লোহার রড।
সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্প থেকে জানানো হয়, কিছু দুষ্কৃতকারী সাধারণ ভোটারদের ভয় দেখাতে এবং নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র নিয়ে ওই কেন্দ্রের আশেপাশে অবস্থান করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী সেখানে অভিযান চালালে উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রের বস্তা ফেলে পালিয়ে যায়। সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে যে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা রুখতে তারা বদ্ধপরিকর।
এদিকে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো এখনো থানায় এসে পৌঁছায়নি। এগুলো হাতে পাওয়ার পর তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









