
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিনের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে চান্দিনা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শন করে, যা উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসের পরবর্তী কর্মসূচিতে পৌরসভা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC