রবিবার ৫ এপ্রিল, ২০২৬

চান্দিনায় ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Dhaka-Chittagong highway blocked to demand foot overbridge in Chandina
চান্দিনায় ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ/ছবি: প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশের কাঠেরপুল এলাকায় ফুট ওভারব্রিজের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ।

রবিবার (৫ এপ্রিল ) দুপুরে স্থানীয় শিক্ষার্থী ও সাতটি গ্রামের বাসিন্দারা মহাসড়ক অবরোধ করলে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মূলত গত ১ এপ্রিল লরি চাপায় এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু এবং গত তিন বছরে চারজন শিক্ষার্থীর প্রাণহানির প্রেক্ষাপটে নিরাপদ যাতায়াতের দাবিতে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।

বিক্ষোভের খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং জননিরাপত্তার স্বার্থে সেখানে একটি ইউলুপ বা ফুট ওভারব্রিজ নির্মাণের আশ্বাস প্রদান করেন। সংসদ সদস্যের এই ইতিবাচক হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে সড়ক ও জনপথ বিভাগ যথাযথ প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেছে এবং সচেতন মহলের মতে, দুর্ঘটনা রোধে অবকাঠামোর পাশাপাশি সাধারণ মানুষের ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করাও একান্ত জরুরি। সংসদ সদস্য আশ্বাস দিয়েছেন যে, বিষয়টি সময়সাপেক্ষ হলেও তিনি দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন