
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি যাত্রীবাহী বাস, দুটি হাইয়েস মাইক্রোবাস এবং সিমেন্টবাহী ট্রাকের মধ্যে এক ভয়াবহ চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অলৌকিকভাবে কোনো যাত্রী হতাহত হননি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও ইলিয়টগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের কুটুম্বপুর এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা হাইয়েস মাইক্রোবাস হঠাৎ ব্রেক কষলে এই বিপত্তি ঘটে। এ সময় পেছনে থাকা একটি ক্রাউন সিমেন্টবাহী খোলা ট্রাক, অপর একটি হাইয়েস এবং সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পর পর একে অপরের পেছনে সজোড়ে ধাক্কা দেয়। বিকট শব্দে হওয়া এই সংঘর্ষে যানবাহনগুলোর সামনের ও পেছনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর পরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ক্ষণিকের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সরকারি রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে নেয়। ইলিয়টগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, সংঘর্ষে গাড়িগুলোর বড় ধরনের ক্ষতি হলেও সৌভাগ্যবশত কোনো যাত্রী আহত হননি এবং পুলিশি তৎপরতায় খুব দ্রুতই মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC