
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় কৃষি যান্ত্রিকীকরণের আওতায় সমলয় চাষাবাদ ও কৃষকদের দুর্ভোগ লাঘবে সরকারি ভর্তুকি মূল্যে ধান কাটার আধুনিক যন্ত্র ‘রিপার মেশিন’ বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চান্দিনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে এসব মেশিন হস্তান্তর করা হয়। চান্দিনা পৌরসভাসহ উপজেলার মোট ৯টি ইউনিয়নে এই রিপার মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা আসনের সংসদ সদস্য জনাব আতিকুল আলম শাওন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোরশেদ আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার লিটন চন্দ্র দত্ত এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন।
এদিন উপজেলার মাইজখার, এতবারপুর, বাড়েরা, বরকইট, জোয়াগ, নবাবপুর, মহিচাইল, বাতাঘাসি ও কেরনখাল ইউনিয়ন এবং চান্দিনা পৌরসভার সুফলভোগী কৃষকদের হাতে এই আধুনিক কৃষি প্রযুক্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়লে উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি শ্রমিকের সংকট দূর হয়ে দ্রুত সময়ে ফসল ঘরে তোলা সম্ভব হবে। তিনি কৃষকদের এই প্রযুক্তির সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।
সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা জানান, আধুনিক এই রিপার মেশিনের সাহায্যে কৃষকরা অত্যন্ত সাশ্রয়ী খরচে এবং অল্প সময়ে মাঠের ধান কেটে ঘরে তুলতে পারবেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC