
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত রুখে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় সাহসী শিক্ষার্থীদের হাতে হাতেনাতে আটক হয়েছে ছয় বহিরাগত যুবক।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণেই এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে কিছু বখাটে যুবকের উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। বহিরাগত এসব যুবকের আনাগোনায় ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছিল এবং নিয়মিত ইভটিজিংয়ের শিকার হচ্ছিল। ঘটনার দিন দুপুরে অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রী প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে মৌখিক অভিযোগ করে।
ছাত্রীদের এমন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা একত্রিত হয়ে বখাটেদের ধাওয়া করে। একপর্যায়ে তাদের মধ্য থেকে ছয়জনকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয় শিক্ষার্থীরা। পরে তাদের টেনেহিঁচড়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পরিস্থিতি বেগতিক দেখে বিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করেন। ইউএনও মহোদয়ের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আটককৃত ছয় বখাটে যুবককে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।
আটককৃত যুবকদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—খিরাসারা মোহনপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফাহিম, একই গ্রামের শফিউল্লাহর ছেলে মো. সাব্বির হোসেন, শ্রীমন্তপুর গ্রামের জাকির হাসানের ছেলে জাহিদ হাসান, এতবারপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ জনি, একই গ্রামের আমির হোসেনের ছেলে রাব্বি এবং আলী আহমদের ছেলে সুজন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, বিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় বহিরাগতদের প্রবেশ চিরতরে বন্ধ করতে হবে। সেইসঙ্গে ছাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা চান তারা।
এ ব্যাপারে চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ছয়জনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে এবং অভিযোগের সত্যতা সাপেক্ষে তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC