
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনকে উৎসাহিত করে সফলতা অর্জন করলে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ১১টায় মুরাদনগর উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় ধর্মমন্ত্রী বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদক নির্মূলের বিকল্প নেই। তিনি জানান, মুরাদনগর থেকে মাদক নির্মূলে প্রশাসন সফল হলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে।
তিনি আরও বলেন, দলীয় পরিচয়ে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসনকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং জোরদারের নির্দেশনাও দেন ধর্মমন্ত্রী, যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ধর্মমন্ত্রীর গাড়িবহর উপজেলা পরিষদে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC