
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক।
আজ রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা শেষে প্রতিক্রিয়ায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “বহুল প্রতীক্ষিত নির্বাচনে আজ আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের জন্য দিনটি অত্যন্ত স্মরণীয়। বিশেষ করে আমার ডানে ও বামে চাঁদপুর জেলা বিএনপির ফাউন্ডার সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে নিয়েই আমরা মনোনয়ন জমা দিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে চাঁদপুরকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছি। চাঁদপুরবাসীর কাছে বিনীত অনুরোধ—ধানের শীষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন, যাতে চাঁদপুরকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে পারি।”
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “গত ১৭ বছর ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে চাঁদপুরে আন্দোলন-সংগ্রাম করেছি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের দাবিতে। এই ফসল আমাদেরই। আমরা বিশ্বাস করি, ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন এবং তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”
মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ সফিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালামসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।









