
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
প্রতিদ্বন্দ্বী কোনো প্যানেল না থাকায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচিত প্যানেলের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বাবর বেপারী।
এ সময় রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহদি হাসানসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচিতরা হলেন— সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন শেখ ও অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন পাটওয়ারী।
সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন পাটওয়ারী ও অ্যাডভোকেট মো. কাইয়ুম হোসেন সুমন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বিবি হাওয়া।
এ ছাড়া লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আহমেদ এবং মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন আক্তার সুপ্তা নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রোজিনা বেগম চৌধুরী, শহিদুল্লাহ মিজি, আল-আমিন, উম্মে হানী এবং মো. রফিকুল ইসলাম।
জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করে। আগামী ৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৮২ জন।
তবে গত ১ মার্চ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই— এমন অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয় জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ।
ফলে নির্বাচনে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC