
নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক বিভাগ। পর্যায়ক্রমে চাঁদপুর জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (৩ মে) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই অভিযান শুরু হয়। এতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে অংশ নেয়।
অভিযানের প্রথম দিনে পুলিশ সুপারের বাসভবনের উত্তর পাশ, ওয়্যারলেস বিআরডিবি অফিসের সামনে, ইকরা মডেল একাডেমি সংলগ্ন এলাকা, ওয়্যারলেস সবজির বাজার, গোশতের বাজার এবং ওয়্যারলেস মোড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থাকা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
এর আগে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সড়ক বিভাগ থেকে নোটিশ প্রদান এবং মাইকিংয়ের মাধ্যমে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
ওয়্যারলেস বাজারের ব্যবসায়ী মো. ফেরদৌস অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে চাঁদপুর পৌরসভা এই বাজার ইজারা দিয়ে আসছে এবং ইজারাদার নিয়মিত খাজনা আদায় করছেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী বলেন, এটি নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ। সপ্তাহব্যাপী এই অভিযান চলবে এবং জেলা সদর থেকে লালমাই পর্যন্ত সড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, সড়কের পাশে ইজারাকৃত বাজারগুলোতে হাটের দিনে কৃষক ও সাধারণ মানুষ অস্থায়ীভাবে পণ্য বিক্রি করেন, যা বৈধ। তবে স্থায়ীভাবে অবৈধভাবে দোকান বসিয়ে যারা ব্যবসা করছেন, তাদের স্থাপনাই উচ্ছেদ করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC