
রাইজিং কুমিল্লা ডেস্ক
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের এক শিশুকে ভুলবশত কুকুরের কামড়ের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্র ও ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার ৫ বছর বয়সী সন্তান আলিফাকে জ্বরের চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে আসেন। একই সময়ে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছর বয়সী সন্তান নাজমুলকে কুকুরের কামড়ের চিকিৎসা নিতে সেখানে নিয়ে আসেন।
দুই রোগীকেই জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম পৃথকভাবে তাদের চিকিৎসাপত্র প্রদান করেন। তবে অভিযোগ রয়েছে, জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র যাচাই না করেই ভুল করে জ্বরে আক্রান্ত শিশু আলিফাকে কুকুরের কামড়ের ভ্যাকসিন প্রয়োগ করেন।
ঘটনাটি জানাজানি হলে রোগীর অভিভাবকদের সঙ্গে স্বাস্থ্যকর্মীদের বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী আবু ইউসুফ বলেন, “একই সময়ে দুই রোগী আসায় ভুলবশত জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
এদিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি। ভুলক্রমে ভ্যাকসিন দেওয়া হলেও এতে রোগীর কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তবে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারকে বিধিমোতাবেক শোকজ করা হবে।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC