দাম্পত্য জীবনে কলহের নানান কারণের মধ্যে এবার সামনে এলো এক ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনা। স্বামীর মুখের তীব্র দুর্গন্ধকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির অভিযোগ এনে চাঁদপুরের শাহরাস্তি থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ।
অভিযোগ সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে পারভীন আক্তার উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ রয়েছে। এ কারণে তিনি নিয়মিতভাবে স্বামীকে মুখ ও দাঁত পরিষ্কার রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করে আসছিলেন। কিন্তু বারবার এ বিষয়ে কথা বলার ফলে পরিস্থিতির উন্নতি না হয়ে বরং উল্টো অবনতি ঘটে।
তার অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে কথা বললেই স্বামী হেলাল আলী ক্ষিপ্ত হয়ে উঠতেন। শুধু তাই নয়, তিনি অকথ্য ভাষায় গালাগাল করতেন এবং একপর্যায়ে শারীরিক নির্যাতনও করতেন।
এই ঘটনাকে কেন্দ্র করে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি বিরাজ করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্বামীর মুখের তীব্র দুর্গন্ধের কারণে একই ঘরে বসবাস করাও তার জন্য অত্যন্ত কষ্টকর ও অসহনীয় হয়ে উঠেছে বলে জানান পারভীন আক্তার।
এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং স্বামীর উগ্র আচরণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি শাহরাস্তি থানায় লিখিত আবেদন করেন।
এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুর রহমান গণমাধ্যমকে জানান, গৃহবধূর পক্ষ থেকে লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “পারিবারিক এই স্পর্শকাতর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নিয়ম অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”