
রাইজিং কুমিল্লা ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় উন্মুক্ত স্থানে গরুর বর্জ্য ফেলে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগে নাজির গাজী নামে এক খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, নাজির গাজী দীর্ঘদিন ধরে তার বসতবাড়িতে গর্ত করে গরুর বর্জ্য জমিয়ে রাখছিলেন। এসব বর্জ্য থেকে নির্গত দূষিত পানি উপচে বৃষ্টির পানির সঙ্গে মিশে পাশের নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি করে।
এতে বিদ্যালয় ও আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ সময় খামারিকে গরুর বর্জ্য যত্রতত্র না ফেলে পরিবেশসম্মত উপায়ে ব্যবস্থাপনার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানায়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC