
রাইজিং কুমিল্লা ডেস্ক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ‘জলবিলাস’ নামে একটি হোটেল ও নির্মাণাধীন ‘হাওয়া বদল’ নামে আরেকটি হোটেলের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ কর্মকর্তারা।
পরিদর্শনকালে ‘জলবিলাস’ ও নির্মাণাধীন ‘হাওয়া বদল’ হোটেলের মালিকপক্ষের সঙ্গে কথা বলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, নদীর তীরে হোটেল পরিচালনা ও নির্মাণকাজ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি তাদের নজরে আসে। পরিদর্শনে দেখা যায়, দুই হোটেলের মালিকই পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেননি।
মালিকপক্ষ সম্পত্তি নিজেদের দাবি করলেও বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, প্রাথমিকভাবে দুই হোটেলের মালিককে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে এর আগে গত ২৪ আগস্ট মেঘনা নদীর তীর ও নদীতীরবর্তী সরকারি জায়গা দখল করে হোটেল নির্মাণের অভিযোগে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বপ্রণোদিতভাবে তদন্তের নির্দেশ দেন চাঁদপুরের মতলব আমলী আদালতের বিচারক ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ।
একই সঙ্গে ওই এলাকায় নির্মিত স্থাপনার সংখ্যা, নির্মাণকাজে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছিল কি না—এসব বিষয় তদন্ত করে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, তদন্ত ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC