
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টার মধ্যে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩)-কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ।
রাতুল দেবনাথ ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে।
পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয় রাতুল। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এর মধ্যে ওই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে রাতুলের ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস দেখতে পান পরিবারের সদস্যরা। এতে তাদের উদ্বেগ আরও বেড়ে যায়। সম্প্রতি কুমিল্লায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে পরিবারের মধ্যে আতঙ্কও তৈরি হয়।
পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় রাতুলের সন্ধানে অভিযান শুরু করে পুলিশ।
সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেনের সমন্বয়ে পুলিশের একটি দল নিখোঁজ কিশোরের সন্ধানে কাজ শুরু করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে শনাক্ত করা অবস্থানের ভিত্তিতে বান্দরবান সদর থানার আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতুল দেবনাথকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির ব্যবহার, দ্রুত পদক্ষেপ ও সমন্বিত অভিযানের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকা থেকে নিখোঁজ কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC