
রাইজিং কুমিল্লা ডেস্ক

চাঁদপুর সদরের বাগাদি এলাকায় ট্রাকের ধাক্কায় মো. জোহা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সাজ্জিল (২০) নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
রোববার (৩১ মে) দুপুর দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোহা ইসলামপুর গাছতলা পাঠান বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানের ভাগিনা এবং শাহরাস্তি উপজেলার মিরাজ সালেহ উদ্দিন তছলিমের ছেলে। তিনি চলতি বছর চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পারিবারিক সূত্র জানায়, ছোটবেলা থেকেই জোহা মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করতেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
আহত সাজ্জিল একই গ্রামের পাটওয়ারী বাড়ির আবু তাহের পাটওয়ারীর ছেলে। তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, জোহা ও তার বন্ধু সাজ্জিল মোটরসাইকেলে করে ফরিদগঞ্জ সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোহাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই জোহার মৃত্যু হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC