শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ল ছয় দোকান

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Six shops gutted in fire at Chandpur's Hajiganj market
চাঁদপুরের হাজীগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ল ছয় দোকান

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডের একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা বিষয়টি টের পান। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী সাবেক অধ্যক্ষ মো. আলমগীর কবির পাটোয়ারী জানান, আগুন দেখতে পেয়ে দ্রুত পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সময়মতো বিদ্যুৎ সংযোগ বন্ধ করা এবং ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতির কারণে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্ত আলী আশ্রাফ মার্কেটের মালিক নুরুন্নবী বলেন, তাদের মার্কেটের ১২টি দোকানের মধ্যে ছয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফার্নিচার, টাইলস অ্যান্ড স্যানিটারি, হার্ডওয়্যার এবং পাইপের দোকান রয়েছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।

স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় পুরো মার্কেটটি রক্ষা পেয়েছে। তিনটি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাকিগুলো আংশিক ক্ষতির মুখে পড়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন