
বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাস শুরুর তারিখে সামান্য ভিন্নতা দেখা গেলেও, চলতি বছর রমজান মাস ২৯ দিনের হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন।
ইব্রাহিম আল জারওয়ানের মতে, রমজান মাসের শেষ দিন হতে পারে আগামী ১৯ মার্চ, সে অনুযায়ী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, নতুন চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে জন্ম নেবে। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে খালি চোখে চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে।
এই কারণে ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। যদি ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যায়, তাহলে ১৯ ফেব্রুয়ারি রমজান মাসের প্রথম দিন হিসেবে পালিত হবে।
আল জারওয়ান আরও বলেন, রমজানের শুরুতে কিছু দেশে চাঁদ দেখার বিষয়ে মতপার্থক্য থাকলেও, রমজান মাসের শেষ দিকে সাধারণত এ ধরনের মতভেদ থাকে না।
তিনি আশা প্রকাশ করেন, চলতি বছর রমজানের শেষ ও ঈদুল ফিতরের তারিখ নিয়ে বিশ্বব্যাপী ঐক্যমত থাকবে।
সূত্র : গালফ নিউজ










