
রাইজিং কুমিল্লা ডেস্ক
১৪৪৭ হিজরি সনের রমজান মাস উপলক্ষে সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। এ বছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক এবং এতে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমরা অংশ নেন।
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, যব, কিসমিস, খেজুর ও পনির—এই পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা যাবে।
গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ অর্থাৎ ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা প্রদান করতে হবে।
যব দ্বারা ফিতরা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম কিংবা এর বাজার মূল্য ৫৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
খেজুর দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৪৭৫ টাকা দিতে হবে।
কিসমিস দ্বারা ফিতরা আদায় করলে একই পরিমাণে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পনির দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৮০৫ টাকা ফিতরা প্রদান করতে হবে।
দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজারদরের ভিত্তিতেই এ বছরের ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যেকোনো একটি অথবা এর সমপরিমাণ বাজার মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে এসব পণ্যের স্থানীয় বাজারদরে পার্থক্য থাকতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা পরিশোধ করলেও তা আদায় হবে বলে জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC