
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ১১ দলীয় জোট থেকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ার পর জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিষয়ে জামায়াতে ইসলামী শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে।
তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি জোটে ফিরে না আসে, তাহলে বাকি ৪৭টি আসনে অন্যান্য শরিক দলগুলো নিজ নিজ প্রার্থী চূড়ান্ত করবে।”
জুবায়ের আরও জানান, আজকের নির্বাহী কমিটির বৈঠকে দলের নির্বাচনি সফর চূড়ান্ত করা হবে। পাশাপাশি নির্বাচনি নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) অলি আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলারও তীব্র নিন্দা জানান জামায়াতের এই মুখপাত্র। তিনি অবিলম্বে মামলাটি প্রত্যাহারের আহ্বান জানান।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১০ দল ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দেয়। ঘোষিত সমঝোতা অনুযায়ী, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিদ্বন্দ্বিতা করবে ৩০টি আসনে।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে, খেলাফত মজলিস ১০টি আসনে এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি আসনে প্রার্থী দেবে।
অন্যদিকে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি আসনে, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসনে এবং নেজাম ইসলাম পার্টি ২টি আসনে নির্বাচনে অংশ নেবে।
তবে শুক্রবার দুপুরে পৃথক সংবাদ সম্মেলন করে জামায়াতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে দলটি ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। বাকি ৩২টি আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থন দেওয়ার কথাও জানায় ইসলামী আন্দোলন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC