শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি

রাইজিং ডেস্ক

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি/ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর সীমানায় বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) নিয়ে একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটেছে।

বন্দরের বহির্নোঙর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া ‘এমভি জায়ান’ নামের জাহাজটি প্রায় পুরোপুরি ডুবে গেলেও, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে আপাতত কোনো সমস্যা হচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বন্দর সূত্র জানায়, শুক্রবার (১৮ অক্টোবর ২০২৫) রাতে এমভি জায়ান লাইটারেজ জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জাহাজের মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু জানান, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটির স্টিয়ারিং ফেইল করে এবং ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সেই অবস্থায় জাহাজটি স্থির রাখা হয়।

পরদিন শনিবার সকালে জাহাজটিকে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি তীরের দিকে নিয়ে আসার সময় এটি অর্ধেকেরও বেশি ডুবে যায়।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি আরও বিশদভাবে জানান, জাহাজটি নেভাল একাডেমির কাছাকাছি আসার পর চরে আটকে তলা ফেটে যায়। ফলে নিচ দিয়ে জাহাজের তিনটি হ্যাচেই পানি প্রবেশ করতে শুরু করে। এক পর্যায়ে জাহাজটি প্রায় ৯০ শতাংশ ডুবে যায়।

বন্দরের সচিব ওমর ফারুক নিশ্চিত করেন, ডুবে যাওয়া জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) খালাস করে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মাঝপথে ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে।

দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট ১৩ জন নাবিক ছিলেন। তবে মালিকপক্ষের কর্মকর্তা কাজী মোহাম্মদ শিবলু জানান, জাহাজে থাকা সকল নাবিক নিরাপদে আছেন।

সচিব ওমর ফারুক আরও জানান, জাহাজটি বন্দর চ্যানেলে আসা-যাওয়ার কাছাকাছি স্থানে ডুবে থাকলেও, এতে আপাতত বন্দর চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না।

আরও পড়ুন