
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে প্রায় আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে পারাপার। রোববার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
এর আগে শনিবার রাত ১২টা থেকে নৌপথে দুর্ঘটনা এড়াতে শরীয়তপুরের নরসিংহপুর বিআইডব্লিউটিসি ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শনিবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে রাত ১২টার দিকে কুয়াশা এতটাই তীব্র হয় যে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় চাঁদপুর ও শরীয়তপুরের দুই পাশে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন আটকে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
রোববার সকালে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, নদীপথে দুর্ঘটনা এড়ানোর জন্য শনিবার রাত ১২টা থেকে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে এ সময় কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে যাওয়ায় রোববার সকাল ৭টা ৩০ মিনিট থেকে ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে।









