
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বন্যা, নদীভাঙন ও কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
ইপিজেডের অপরিশোধিত বর্জ্যের কারণে বিস্তীর্ণ অঞ্চলের পরিবেশ, কৃষি ও জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। নিজের বক্তব্যের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন।
সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় দক্ষিণ কুমিল্লা-উত্তর নোয়াখালী বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প বাস্তবায়ন এবং ইপিজেডের বর্জ্যদূষণ বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এই সংসদ সদস্য।
সংসদে গোমতী নদীর ভাঙন ও বন্যা পরিস্থিতি তুলে ধরে মনিরুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিনেও গোমতী নদীর দুই পাড়ের ভাঙন সমস্যার স্থায়ী সমাধান হয়নি। নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন এবং পরিবহনের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে প্রতিবছর নদীভাঙন ও বন্যায় অসংখ্য মানুষ ঘরবাড়ি হারাচ্ছেন।
তিনি বলেন, গোমতী কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্যের অংশ। একসময় চীনের হোয়াংহো নদীকে দেশটির দুঃখ বলা হতো। সেই নদীর সমস্যার সমাধান হলেও স্বাধীনতার পাঁচ দশক পার হওয়ার পরও গোমতীর ভাঙন ও বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান হয়নি। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এখনো অব্যাহত রয়েছে।
পানিসম্পদ মন্ত্রীর দেওয়া জবাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গোমতী নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগের কথা বলা হয়েছে। তবে এ ধরনের উদ্যোগে সমস্যার স্থায়ী সমাধান হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
দক্ষিণ কুমিল্লা-উত্তর নোয়াখালী বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের ইতিহাস তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে একটি প্রকল্প নেওয়া হয়েছিল। তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান সরেজমিনে এলাকা পরিদর্শন করেছিলেন এবং প্রকল্প বাস্তবায়নে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রকল্পটি বাস্তবায়নের পর প্রায় ১৫ বছর বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে দাবি করেন তিনি।
তবে পরবর্তী সময়ে নদী ও খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পরিস্থিতির আবারও অবনতি হয়েছে বলে অভিযোগ করেন মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ত্রিপুরার পাহাড়ি অঞ্চল থেকে ১৩টি নদী দিয়ে বৃষ্টির পানি নেমে পরদিনই এ অঞ্চলে প্রবেশ করে। কিন্তু পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় কুমিল্লা ও নোয়াখালীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বিশেষ করে কুমিল্লার মানুষ আগে বন্যার শিকার হন, এরপর নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে এর প্রভাব পড়ে।
গোমতী নদীকে ঘিরে কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার বিষয়েও হতাশা প্রকাশ করেন তিনি। নদী পর্যন্ত নৌবন্দর সম্প্রসারণের একটি উদ্যোগ নেওয়া হলেও পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায় বলে সংসদকে জানান।
বক্তব্যের একপর্যায়ে কুমিল্লা ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুতর অভিযোগ উত্থাপন করেন মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ইপিজেডের শিল্পবর্জ্য স্থানীয় খাল ও জলাশয়ে ফেলার কারণে কুমিল্লা থেকে নোয়াখালী পর্যন্ত পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। গোমতী নদী ভরাট হয়ে যাওয়ার পর এসব বর্জ্য স্থানীয় খালের মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
তিনি অভিযোগ করেন, ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পরিবেশ অধিদপ্তর ১৩টি প্রতিবেদন তৈরি করেছে। পাশাপাশি পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশও রয়েছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে একাধিকবার অনুরোধ জানানো হলেও কার্যকর অগ্রগতি হয়নি।
ইপিজেডের বর্জ্যদূষণের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, এর প্রভাবে প্রায় পাঁচ হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে বলে তার কাছে তথ্য রয়েছে। এ ছাড়া ওই অঞ্চলে বিপুলসংখ্যক মানুষের ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিযোগও করেন তিনি। বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ তুলে তিনি দাবি করেন, শিল্পবর্জ্য শোধন না করে প্রাকৃতিক খালে ছেড়ে দেওয়া হচ্ছে।
এর ফলে এলাকার মাছ ও অন্যান্য জলজ প্রাণী বিলুপ্তির মুখে পড়েছে বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য। দূষিত পানিতে নামলে মানুষের পা পচে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কৃষিকাজও ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।
মনিরুল হক চৌধুরী বলেন, তার উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিন তদন্ত করা হোক। ইপিজেডের বর্জ্য যে খালে ফেলা হয়, সেই খালের পাশে কেউ আধা ঘণ্টা অবস্থান করলেই দূষণের ভয়াবহতা বুঝতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, দূষণের প্রভাব দক্ষিণ কুমিল্লা থেকে নোয়াখালী অতিক্রম করে সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই দূষিত পানি মেঘনা নদীতে গিয়ে আরও বড় বিপর্যয় সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, ইপিজেডের বিরুদ্ধে ক্ষতিপূরণের আদেশ, হাইকোর্ট ও পরিবেশ আদালতের রায় থাকলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন হয়নি। চার বছর আগে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের বিষয়টি তুলে ধরলেও এখনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে মনিরুল হক চৌধুরী বলেন, দক্ষিণ কুমিল্লা-উত্তর নোয়াখালী বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দ্রুত বরাদ্দ দিতে হবে। একই সঙ্গে নদী ও খালের পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং ইপিজেডের বিষাক্ত বর্জ্যদূষণ বন্ধে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC