
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন সোহেল (৩০)। তিনি নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং উপজেলার পাটগাতী গ্রামের সোহরাব ফকিরের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ সন্দেহে আটক এক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেন।
তিনি আরও জানান, ওই ঘটনার তদন্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোহেলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।








