
রাইজিং ডেস্ক

রাজধানীর গুলশান ২ নম্বর সার্কেলে দিনের আলোয় ভরা যানজটের মধ্যেই এক তরুণীর কাণ্ড দেখে হতবাক পথচারী থেকে শুরু করে গাড়ি আরোহীরা। যানজটে হর্ন আর গাড়ির কোলাহলের মধ্যেই এক তরুণী সড়কের ডিভাইডারের ওপর সবার সামনেই একটি লেহেঙ্গা পরা শুরু করেন। মুহূর্তেই এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।
মঙ্গলবার (৩ জুন, ২০২৫) বিকেলে গুলশান ২ নম্বর সার্কেল এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটে যখন সবার কান ঝালাপালা অবস্থা, তখনই এক তরুণী একটি লাগেজ নিয়ে সড়কদ্বীপে আসেন, যেখানে পথচারীরা রাস্তা পারাপার হন। এরপর তিনি লাগেজ খুলে একটি শপিং ব্যাগ বের করেন এবং সেখান থেকে একটি লেহেঙ্গা বের করে সবার সামনেই পরা শুরু করে দেন।
এই অভাবনীয় দৃশ্যে আশপাশের মানুষজন হাঁ করে তাকিয়ে থাকেন। যানজটে আটকে পড়া গাড়ি থেকে অজস্র মোবাইল ক্যামেরা বের করে অনেকে ভিডিও করতে শুরু করেন। কেউ বিস্মিত হন, আবার অনেকে হাসতে থাকেন। তরুণী মুখে হাসি বজায় রেখে সুন্দর করে লেহেঙ্গা পরিধান করে হেঁটে যান এবং একজন ছবি তুলছিলেন, তাকে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন। এই পুরো ঘটনার ভিডিওটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রাথমিকভাবে এটিকে কোনো পোশাক প্রতিষ্ঠানের প্রচার কৌশল বলে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কী ধরনের কৌশল এটি, তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। অনেকে এই কৌশলের পক্ষে মন্তব্য করছেন, আবার অনেকে এর বিরোধিতা করছেন।
একজন মন্তব্য করেছেন, "আমি তো বুঝতেই পারিনি এটি কোন দেশ! পরে দেশীয় প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেখে বুঝলাম এটি বাংলাদেশ।" আরেকজন লিখেছেন, "যদি এটি একটি প্রচারমূলক ভিডিও হয়, তাহলে আমি অবশ্যই বলব- আপনার দর্শক এবং লক্ষ্য গ্রাহকদের সম্পর্কে জানুন। আপনি এটি গুলশান বা বনানী এলাকায় করেছেন ঠিক আছে, কিন্তু যদি আপনি নেতিবাচক প্রচার পেতে এটি করেন, তাহলে বলার কিছু নেই।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC