
গুম ও খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে।
শনিবার (১৭ জানুয়ারি) গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, কৌশলের নামে বিএনপির কোনো নেতাকর্মী কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা গুম-খুন ও নানা নির্যাতনের শিকার হয়েও রাজপথ ছাড়েননি।
বিগত সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলাই ছিল রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত—এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী আমলে দেওয়া এসব মামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসাই কাজ করেছে। যারা সেই সময়ে নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখা যাবে না। সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা আমরা প্রত্যক্ষ করেছি। তবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দেবে।
তারেক রহমান বলেন, জনগণের ম্যান্ডেটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে গুম-খুনের শিকার শহীদদের নামে সড়ক ও বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে।
গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, কেউ কেউ নানা অজুহাত ও ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায়। যারা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে চায়, তারা যেন সফল হতে না পারে—সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কারণ গণতন্ত্রের পথ বন্ধ হলে তা শহীদদের প্রতি চরম অবিচার হবে।
উল্লেখ্য, এই মতবিনিময় সভায় সারা দেশ থেকে আগত গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্য ও স্বজনরা অংশ নেন। সভায় তারা তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
মতবিনিময় সভাটির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামে দুটি সংগঠন।









