
রাইজিং কুমিল্লা ডেস্ক
রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) স্থাপিত ভ্যাপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) সেন্টারে মঙ্গলবার থেকে কোয়ারেন্টাইন অফিস চালু হচ্ছে। এর ফলে কৃষিপণ্য রপ্তানির আগে একই স্থানে শোধন, প্যাকিং ও কোয়ারেন্টাইন কার্যক্রম সম্পন্ন করা যাবে।
সোমবার (৬ জুলাই) গাবতলীতে ভিএইচটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, "রপ্তানির প্রশ্নে ওয়ান-স্টপ সার্ভিস চালু করছি। আগামীকাল থেকে এখানে পণ্য আসবে, ওয়াশ হবে, প্যাকিং হবে এবং এখানেই কোয়ারেন্টাইন সম্পন্ন করে সরাসরি রপ্তানির জন্য পাঠানো যাবে।"
তিনি জানান, রপ্তানিকৃত ফল বিমানবন্দরে সংরক্ষণের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্বল্পমেয়াদি সংরক্ষণাগার (টেম্পারেচার কন্ট্রোলড স্টোরেজ) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমসহ দ্রুত নষ্ট হওয়া কৃষিপণ্যের গুণগত মান সংরক্ষণে সুবিধা হবে।
মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের কাঁঠাল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে এবং পরীক্ষামূলকভাবে কিছু কাঁঠাল নিয়েছে। এছাড়া জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আম আমদানিতে আগ্রহ দেখিয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য মানসম্মত প্যাকিং ও কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি জানান, বর্তমানে দেশে বছরে প্রায় ২৬ লাখ টন আম উৎপাদিত হয়। উৎপাদন বৃদ্ধি পেলেও অভ্যন্তরীণ বাজারে চাহিদার সীমাবদ্ধতার কারণে অনেক কৃষক প্রত্যাশিত মূল্য পান না।
বিমানভাড়া প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, রপ্তানি ব্যয় কমাতে বাংলাদেশ বিমানের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সঙ্গে কার্গো সুবিধা বৃদ্ধি এবং আগাম কার্গো স্পেস সংরক্ষণের বিষয়েও আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, শুধু আম নয়, লিচু, কাঁঠাল, বরই, টমেটো, পেঁপে ও মিষ্টি আলুসহ বিভিন্ন কৃষিপণ্যও ভিএইচটি সেন্টারের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে রপ্তানি করা সম্ভব হবে।
কৃষিমন্ত্রী জানান, কৃষিপণ্য সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন এলাকায় কয়েক হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
রপ্তানিকারকদের উদ্দেশে তিনি বলেন, "বিদেশি ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করতে হবে। কারণ আন্তর্জাতিক বাজারে আস্থা অর্জনই বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির মূল চাবিকাঠি।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ। অনুষ্ঠানের শুরুতে কৃষিমন্ত্রী ভিএইচটি সেন্টারের উদ্বোধন করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC