
রাইজিং কুমিল্লা ডেস্ক
দেশের পুলিশ সদস্যরা আজ (বুধবার) থেকে নতুন নির্ধারিত ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছেন। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছেনি। পর্যায়ক্রমে সবার কাছে নতুন ইউনিফর্ম পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, যেসব সদস্য নতুন পোশাক পেয়েছেন তারা ইতোমধ্যে সেই ইউনিফর্ম পরেই দায়িত্ব পালন করছেন। অন্য সদস্যদের কাছেও ধাপে ধাপে নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে।
নতুন করে কেন বদলানো হলো ইউনিফর্ম
২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কারের দাবির পাশাপাশি ইউনিফর্ম পরিবর্তনের দাবিও জোরালো হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের শার্টের রং করা হয়েছিল লোহা-ধূসর এবং ট্রাউজারের রং ছিল কফি-বাদামি ধূসর। ২০২৫ সালের ২৫ নভেম্বর ওই নতুন পোশাক পরে মাঠে নামে পুলিশ সদস্যরা।
তবে ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের অনেক পুলিশ সদস্যের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে পোশাকের রং নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হয়।
আবার পরিবর্তন
সম্প্রতি নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের ইউনিফর্ম আবার পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে পোশাকের রং ও নকশায় পরিবর্তন আনে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিকের। শার্টের সামনে থাকবে চারটি পকেট এবং সমদূরত্বে সাতটি বোতাম।
এছাড়া আগে লোহা-ধূসর শার্টের সঙ্গে একই রঙের জার্সি, কার্ডিগান ও পুলওভার ব্যবহারের বিধান থাকলেও এখন গাঢ় নীল শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের জার্সি, কার্ডিগান ও পুলওভার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন নির্দেশনা
প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের পোশাক সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে।
এছাড়া নারী সদস্যরা অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক পরার সুযোগও রাখা হয়েছে।
মৌসুমভিত্তিক পোশাক
নতুন বিধান অনুযায়ী, গ্রীষ্মকালে পুলিশ সদস্যদের অর্ধহাতা শার্ট এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরতে হবে। অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহারেরও নির্দেশনা রয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব পুলিশ সদস্য নতুন ইউনিফর্ম পাবেন এবং নতুন বিধান অনুযায়ী ইউনিফর্ম ব্যবহারের কার্যক্রম সম্পন্ন হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC