
বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি
আধুনিক যুগের বিলাসবহুল গাড়ির ভিড়ে ব্যতিক্রমী আয়োজনে নজর কেড়েছেন লাখাই উপজেলার পশ্চিম বুল্লা এলাকার বর সামিম আহমেদ। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রচলিত যানবাহনের বদলে বাংলার হারানো ঐতিহ্য পালকিতে চড়ে কনের বাড়িতে যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বুল্লার নয়াহাটির সালাউদ্দিন মিয়ার ছেলে সামিম আহমেদের সঙ্গে একই গ্রামের তালুকদার হাটির শেফাজুল মিয়ার মেয়ে চাঁদনী আক্তারের বিয়ে ঠিক হয়। বিয়ের দিন হঠাৎ করেই বর ও তাঁর পরিবার পালকিতে চড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
দ্রুত স্থানীয়ভাবে একটি পালকির ব্যবস্থা করা হলে বেহারাদের কাঁধে চড়ে কনের বাড়ির উদ্দেশে রওনা দেন বর। পথে এমন দৃশ্য দেখে পথচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়; অনেকেই তা মোবাইলে ভিডিও করেন। কনের বাড়িতে পৌঁছালে হাসিমুখে বরকে বরণ করে নেন কনেপক্ষ।
বর সামিম আহমেদ বলেন, পালকি আমাদের শেকড় ও সংস্কৃতির অংশ। জীবনের বিশেষ দিনটি ঐতিহ্যে রাঙিয়ে তুলতেই এমন উদ্যোগ। পরিবার ও কনেপক্ষ বিষয়টি দারুণভাবে নিয়েছে।
স্থানীয় সংবাদকর্মী মহসিন সাদেক জানান, রাস্তায় পালকি দেখে তাঁর সাথে থাকা সন্তান ও ভাতিজা এটিকে শিশুদের খেলার বাক্স ভেবেছিল।
এতে বোঝা যায়, একসময়ের পরিচিত পালকি আজ নতুন প্রজন্মের কাছে প্রায় অপরিচিত। তিনি বলেন, এটি বিলাসিতা নয়, বরং পুরোনো ঐতিহ্যকে ছুঁয়ে দেখার চেষ্টা। প্রযুক্তির যুগে এগিয়ে গেলেও যেন আমাদের শেকড় ও সংস্কৃতি হারিয়ে না যায়, এটাই কাম্য।
সবমিলিয়ে এমন ব্যতিক্রমী আয়োজনে আনন্দিত স্বজন ও এলাকাবাসী। উপস্থিত সবাই নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC