
লাইফস্টাইল ডেস্ক
গরম বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের নানা সমস্যা বাড়ছে। রুক্ষতার পাশাপাশি অনেকের ত্বক হয়ে যাচ্ছে অতিরিক্ত তৈলাক্ত, আবার কারো ত্বক ঘেমে চিটচিটে হয়ে পড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে র্যাশ, চুলকানি ও ব্রণের সমস্যা। রোদে পোড়া দাগও বাড়াচ্ছে অস্বস্তি।
এই গরমে ত্বকের এসব সমস্যার সহজ ও প্রাকৃতিক সমাধান হতে পারে একটি পরিচিত ফল—তরমুজ। ঘরে বসেই তরমুজ দিয়ে তৈরি করা যায় বিভিন্ন কার্যকর ফেসপ্যাক, যা ত্বককে রাখবে সতেজ ও প্রাণবন্ত।
ত্বকের যত্নে কেন ব্যবহার করবেন তরমুজ?
তরমুজে রয়েছে প্রায় ৯২ শতাংশ পানি, যা ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখে। এছাড়া এতে থাকা লাইকোপেন, ভিটামিন এ ও সি ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল ত্বকের সানবার্ন, র্যাশ, চুলকানি ও ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ত্বক হয় আরও সতেজ ও উজ্জ্বল। একই সঙ্গে এটি সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকেও ত্বককে সুরক্ষা দেয়।
ত্বকে তরমুজ ব্যবহারের সহজ উপায়
তরমুজের আইস কিউব: তরমুজের রস বের করে বরফের ট্রেতে জমিয়ে নিন। রোদ থেকে ফিরে এই আইস কিউব ত্বকে ঘষলে ত্বক ঠান্ডা হয়, রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক উজ্জ্বল দেখায়।
তরমুজের স্ক্রাব: তরমুজে থাকা ম্যালিক অ্যাসিড ত্বক এক্সফোলিয়েট করতে সাহায্য করে।
১ কাপ চিনি, ১/২ কাপ নারকেল তেল এবং ২-৩ চামচ ম্যাশ করা তরমুজ মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। গোসলের সময় ব্যবহার করলে ত্বক পরিষ্কার ও মসৃণ হবে।
ট্যান রিমুভ্যাল মাস্ক: রোদে পোড়া দাগ দূর করতে তরমুজের রসের সঙ্গে শসার রস মিশিয়ে ত্বকে লাগান। এটি ট্যান কমাতে সাহায্য করে এবং ত্বককে করে তোলে স্বচ্ছ ও সতেজ।
উজ্জ্বল ত্বকের জন্য মাস্ক: কয়েক টুকরো তরমুজ ম্যাশ করে তাতে টকদই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এই মাস্ক ত্বক ঠান্ডা রাখে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়।
সূত্র: এই সময়
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC