
নিজস্ব প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানের অন্যতম আইকন শরিফ ওসমান বিন হাদির নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গণমাধ্যম ও ভিন্নমতের ওপর অভূতপূর্ব ধ্বংসাত্মক আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, টার্গেটেড শুটিংয়ে জড়িতদের গ্রেফতারে সরকারের ব্যর্থতা, এমনকি পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে সহায়তার অভিযোগের প্রেক্ষাপটে সৃষ্ট গণরোষ থেকে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার ঝুঁকি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকার চরম অদূরদর্শিতা ও অদক্ষতার পরিচয় দিয়েছে। এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না।
তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসনের পতনের পর বিজয়ের দাবিদার শক্তিগুলোর একাংশের আক্রোশপূর্ণ ও প্রতিশোধপ্রবণ আচরণ রাষ্ট্র ও সমাজে নতুন ধরনের দমনমূলক প্রবণতা তৈরি করছে। এর সরাসরি শিকার হচ্ছে মুক্ত গণমাধ্যম, ভিন্নমত ও বাকস্বাধীনতা। পরিস্থিতি মোকাবিলা ও প্রতিরোধে সরকার কার্যকর কোনও অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। বরং অতীতে অনুরূপ সংকটে নতজানু অবস্থান গ্রহণ করে রাষ্ট্র নিজেই অসহিষ্ণুতা, সহিংসতা ও অস্থিতিশীলতার ক্ষেত্র প্রসারিত করেছে।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, এর ধারাবাহিকতায় প্রথম আলো ও ডেইলি স্টার–এর মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমে ভাঙচুর ও অগ্নিসংযোগ, দৈনিক নিউ এজ–এর সম্পাদক নুরুল কবীরের ওপর হামলা, সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা এবং কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার কোনও সুযোগ নেই; বরং এগুলো মুক্তচিন্তা, ভিন্নমত ও স্বাধীন মতপ্রকাশকে পরিকল্পিতভাবে দমনের জ্বলন্ত উদাহরণ।
তিনি বলেন, স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের ধ্বংসাত্মক আক্রমণ শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং রাষ্ট্রের মৌলিক দায়িত্ব পালনে বিব্রতকর ব্যর্থতার সাক্ষ্য বহন করে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কর্তৃত্ববাদী শাসনামলে যেভাবে মানবিক মূল্যবোধ ও মৌলিক মানবাধিকার পদদলিত হয়েছিল, আজ সেই একই দমনমূলক বাস্তবতা নতুন রূপে ফিরে আসছে। বিগত ১৬ বছর যারা অধিকারহরণের শিকার হয়েছেন এবং জুলাই আন্দোলনের বিজয়ী হিসেবে নিজেদের দাবি করছেন, তাদেরই একাংশের হাতে আজ মুক্ত গণমাধ্যম ও ভিন্নমতের অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে।
ঘটনাপ্রবাহ বিশ্লেষণে টিআইবির মতে, বাংলাদেশের স্বাধীনতা এবং জুলাই অভ্যুত্থানের চেতনা ও মূল্যবোধ চরম হুমকির মুখে পড়েছে। বৈষম্যমুক্ত সমাজ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও সহাবস্থান, লিঙ্গ ও জেন্ডার বৈচিত্র্যের স্বীকৃতি এবং বহুজাতি, বহুধর্মী ও বহুসাংস্কৃতিক সমাজের যে স্বপ্ন একাত্তর ও জুলাই ধারণ করেছিল, তা আজ মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে রয়েছে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট আবেগাপ্লুত পরিস্থিতিকে পুঁজি করে মুক্ত গণমাধ্যম ও চিন্তা–বিবেকের স্বাধীনতাবিরোধী স্বার্থান্বেষী মহল পতিত শক্তির ইন্ধনে সহিংসতা উসকে দিয়ে পরিস্থিতিকে পরিকল্পিতভাবে আরও ধ্বংসাত্মক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি এবং মুক্ত গণমাধ্যম ও নাগরিক অধিকারের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর, সমন্বিত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, রাষ্ট্রসংস্কারের প্রত্যাশা, সামাজিক স্থিতিশীলতা, একাত্তরের মূল্যবোধ এবং জুলাই অভ্যুত্থানের মৌলিক আদর্শ আরও গভীর সংকটে পড়বে—যার দায় সরকার এড়াতে পারবে না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC