
রাইজিং কুমিল্লা ডেস্ক

মূলধারার গণমাধ্যমের অনুকরণে তৈরি ১৬টি ভুয়া ওয়েবসাইট এবং চার শতাধিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট চিহ্নিত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট-চেকিং উদ্যোগ ‘বাংলাফ্যাক্ট’। অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এসব প্ল্যাটফর্ম শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, মূলধারার সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর সঙ্গে জড়িত ১৬টি ওয়েবসাইট চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারে জড়িত ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও শনাক্ত করা হয়েছে।
তিনি জানান, অপতথ্য ও গুজব প্রতিরোধে বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক, বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও এবং রিল প্রকাশ করেছে।
জহির উদ্দিন স্বপন বলেন, গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এসব প্রশিক্ষণে ফ্যাক্ট-চেকিং কৌশল, অপতথ্য শনাক্তকরণ এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়েছে।
গণমাধ্যমকর্মীদের দৈনন্দিন কাজকে আরও সহজ ও তথ্যনির্ভর করতে পিআইবি শিগগিরই একটি ‘ফ্যাক্ট চেক ম্যানুয়াল’ প্রকাশ করবে বলেও জানান তথ্যমন্ত্রী।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও গুজবের বিস্তার রোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC