
রাইজিং ডেস্ক
গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৮ এপ্রিল) বিকাল ৫টায় কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কান্দিরপাড়সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ। তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুপুর ১২টার পর কেন্দ্র দখল ও ভোটে অনিয়ম হয়েছে। তিনি দাবি করেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে বলে তাদের অভিযোগ রয়েছে। দ্রুত এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাম্মেল হোসাইন আবির, কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা জনরায়ের প্রতি সম্মান জানিয়ে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ বা অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে যুক্ত করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC