
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার (৭ জুন) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এর অংশ হিসেবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম মনিটরিং করেন। পাশাপাশি বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা ও সার্বিক খোঁজখবর নেন তিনি।
ইউএনও মাহমুদা জাহান বলেন, “বাচ্চাদের ছোটবেলা থেকেই নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ে তোলা উচিত। এতে তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে।”
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পরিচ্ছন্ন ও সুন্দর শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান সম্প্রতি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। তার এ অর্জনে উপজেলাজুড়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) কার্যালয়ের সহকারী পরিচালক ও সদস্য সচিব ফাতেমা মেহের ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC