
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেজে চমক দেখিয়েছে দুই শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সরাইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজিত “যেমন খুশি তেমন সাজো” অনুষ্ঠানে তারা এ চরিত্রে অংশ নেয়।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাইবা ইসলাম বেগম খালেদা জিয়া এবং চতুর্থ শ্রেণির ছাত্র জুহেঈম ইসলাম জায়ান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাজে মঞ্চে ওঠে। তাদের পোশাক, ভঙ্গিমা ও অভিব্যক্তি দেখে দর্শকরা চমকে যান। অনেকেই মন্তব্য করেন, তারা শুধু সাজেনি, বরং চরিত্রের সঙ্গে চমৎকারভাবে মিশে গিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অতিথিরা শিশুদের এই সৃজনশীল প্রচেষ্টাকে সাধুবাদ জানান। এ সময় সরাইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম মুকুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। উনার সাজে আজকে সাইবার উপস্থিতি আমাদের সকলের নজর কেড়েছে। আমি সাইবা ও জায়ানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
তাদের চমৎকার পরিবেশনার স্বীকৃতিস্বরূপ সাইবা ও জায়ানকে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা তাদের প্রশংসা করেন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
এই প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য শিক্ষার্থীরাও বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের সাজে মঞ্চে উঠে, যা পুরো আয়োজনকে আরও বর্ণিল ও আকর্ষণীয় করে তোলে।










