
শুধু ঠিকঠাক খাওয়া যথেষ্ট নয়। খাবারের পর আপনার কিছু অভ্যাসও ওজন বৃদ্ধি, হজমের সমস্যা এবং পুষ্টি শোষণে বাধা দিতে পারে। তাই খেয়াল রাখুন, খাওয়ার পর এমন কিছু সাধারণ ভুল যেন না হয়।
আপনি কি কখনো ভেবেছেন, সুষম খাবার খাওয়ার পরও কেন শরীরে পুষ্টির ঘাটতি হয় বা বারবার দুর্বল লাগে? হয়তো মনে হয়, খাবারে সমস্যা আছে বা শরীরে কোনো রোগ আছে। কিন্তু অনেক সময় আসল সমস্যা হতে পারে খাওয়ার পর করা অভ্যাসগুলোতে।
অনেকেই খাওয়ার পর কিছু স্বাভাবিক মনে হওয়া কাজ করে ফেলেন, যা হজমব্যবস্থা ও পুষ্টি শোষণে নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলছেন, খাওয়ার পর নিম্নোক্ত ৮টি কাজ একদমই করা উচিত নয়:
১. ফল খাওয়া
ফল অত্যন্ত স্বাস্থ্যকর, কিন্তু খাবারের সঙ্গে মিশিয়ে খেলে হজমের গতি কমে যায় এবং পুষ্টি শোষণে সমস্যা হয়। তাই ফল খাওয়ার জন্য খাবারের এক ঘণ্টা পর সময় বের করুন।
২. ধূমপান করা
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এটা সবাই জানে। কিন্তু খাওয়ার পর ধূমপান করলে হজম প্রক্রিয়ায় সমস্যা হয়, এমনকি অন্ত্রে আলসার বা ইনফ্লেমেশনও হতে পারে।
৩. খেয়ে ঘুমানো
খাওয়ার পর ঘুমিয়ে পড়া হজমের রসকে উপরের দিকে তুলে দেয়, ফলে গ্যাস্ট্রিক ও বুক জ্বালার সমস্যা দেখা দিতে পারে। খাওয়ার অন্তত এক ঘণ্টা ঘুমানো এড়িয়ে চলুন।
৪. গোসল করা
খাওয়ার পর গোসল করলে রক্ত হজমের কাজে না গিয়ে ত্বকে চলে যায়। ফলে হজম ব্যাহত হয়। তাই খাবারের এক ঘণ্টা পর গোসল করা নিরাপদ।
৫. ব্যায়াম করা
খাওয়ার পর ভারী ব্যায়াম হজমে সমস্যা সৃষ্টি করতে পারে—বমি, পেট ফাঁপা বা পাতলা পায়খানাও হতে পারে। একমাত্র ব্যতিক্রম হলো ‘বজ্রাসন’, যা হজমে সাহায্য করে।
৬. চা বা কফি পান করা
খাওয়ার পর চা বা কফি আয়রন শোষণে বাধা দেয়। তাই খাওয়ার অন্তত এক ঘণ্টা পর চা বা কফি পান করুন।
৭. বেল্ট ঢিলা করা
খাবারের পর পেট ভরা লাগলে অনেকেই বেল্ট ঢিলা করেন। এটি হজমে বাধা সৃষ্টি করে এবং গ্যাস্ট্রিক চাপও বাড়ায়। এছাড়া ওভারইটিং-এর লক্ষণও হতে পারে।
৮. পানি খাওয়া
খাওয়ার সঙ্গে সঙ্গে পানি খাওয়া হজমে সমস্যা করে। পাকস্থলীর এনজাইম ও হজমরস পাতলা হয়ে যায়, ফলে গ্যাস্ট্রিক ও ফাঁপা ভাব হতে পারে। পানি খাওয়ার সঠিক সময় হলো খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে বা এক ঘণ্টা পরে।
আপনি কি এই অভ্যাসগুলোর কোনোটি করছেন? এখনই পরিবর্তন আনার সময়।
সূত্র: হেল্থ শট










