
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অভিযান চালিয়ে হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওরা জল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ সহযোগিতা করেন। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, বিরিয়ানি হাউজের রান্নাঘরের পরিবেশ ও খাদ্য তৈরিতে ব্যবহৃত উপাদান পরীক্ষা করে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চি তৈরিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওরা জল ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের বিষয়টিও শনাক্ত করা হয়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC