
লাইফস্টাইল ডেস্ক
এক কাপ কফি, সামনে ল্যাপটপ আর পছন্দের একটি টেবিল। ক্যাফেতে বসে কাজ করার এমন দৃশ্য এখন বেশ পরিচিত। বাড়িতে কাজের একঘেয়েমি দূর করা, পরিচিতদের সঙ্গে সময় কাটানো কিংবা কর্মপরিবেশে পরিবর্তন আনতে অনেকেই ক্যাফেকে বেছে নিচ্ছেন।
বিশেষ করে করোনাভাইরাস মহামারির পর থেকে ক্যাফেতে বসে কাজ করার প্রবণতা আরও বেড়েছে। তবে একটি কফি অর্ডার করে ঘণ্টার পর ঘণ্টা টেবিল দখল করে রাখা কতটা যুক্তিসংগত, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উঠে এসেছে, ক্যাফেতে দীর্ঘ সময় অবস্থান করা নিয়ে গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে ভিন্নমত রয়েছে। গ্রাহকদের একাংশ মনে করেন, ক্যাফেতে খাবার বা পানীয় কেনার পাশাপাশি সেখানকার পরিবেশ ও বসে সময় কাটানোর অভিজ্ঞতার জন্যও অর্থ দিতে হয়। ফলে একটি পানীয় কিনে কয়েক ঘণ্টা কাজ করা কিংবা সময় কাটানো অস্বাভাবিক কিছু নয়।
অনেকের মতে, ক্যাফেতে ল্যাপটপ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়াও সমর্থনযোগ্য নয়। তবে ক্যাফে মালিকদের বক্তব্য, সব প্রতিষ্ঠান গ্রাহকদের কাজ করার সুবিধা দেওয়ার উদ্দেশ্যে গড়ে ওঠেনি। তাই প্রতিটি ক্যাফেকে ব্যক্তিগত কর্মক্ষেত্র হিসেবে ব্যবহার করার সুযোগ নেই।
ভারতের গুরগাঁওয়ের আলট্রি কফি রোস্টারির প্রতিষ্ঠাতা সাহিল ভাম্বরি মনে করেন, কিছু ক্যাফেতে কাজ করার সুযোগ রয়েছে বলেই সব ক্যাফেকে কর্মক্ষেত্র হিসেবে বিবেচনা করা উচিত নয়। তাঁর অভিজ্ঞতায়, অনেক গ্রাহক ঘণ্টার পর ঘণ্টা একটি টেবিল দখল করে রাখেন। কেউ অফিসের ফোনে কথা বলেন, আবার কেউ বাইরে থেকে খাবার এনে ক্যাফেতে বসে খান। এতে নতুন গ্রাহকদের জন্য বসার জায়গা সংকুচিত হয়ে পড়ে।
টেবিল দখলে কমতে পারে ক্যাফের আয়
একটি টেবিল দীর্ঘ সময় একজন গ্রাহকের দখলে থাকলে ক্যাফের ব্যবসায়িক কার্যক্রমেও প্রভাব পড়তে পারে। কারণ ওই সময়ে অন্য কোনো গ্রাহক বসার সুযোগ না পেলে সম্ভাব্য বিক্রিও কমে যায়। অন্যদিকে দোকানভাড়া, বিদ্যুৎ বিল, কর্মীদের বেতনসহ পরিচালন ব্যয় নিয়মিত বহন করতে হয়।
ভারতের পাস কোড হসপিটালিটির জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক বিনতেশ কুমারের মতে, দীর্ঘ সময় অবস্থানকারী গ্রাহকদের কারণে মাথাপিছু বিক্রির পরিমাণ কমে আসতে পারে। তবে এর ইতিবাচক দিকও রয়েছে। ক্যাফেতে ল্যাপটপ নিয়ে কাজ করা মানুষের উপস্থিতি বাইরে থেকে প্রতিষ্ঠানটিকে কর্মবান্ধব হিসেবে তুলে ধরে। এতে নতুন গ্রাহকেরাও আকৃষ্ট হতে পারেন।
এ ধরনের পরিস্থিতি সামাল দিতে ক্যাফের নিজস্ব নিয়মকানুন থাকা প্রয়োজন। দিল্লির দ্য ড্রপ ক্যাফে এ ক্ষেত্রে একটি উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিটি টেবিলে রাখা ছোট কার্ডে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত ল্যাপটপ ব্যবহারের সুযোগ রয়েছে। এতে গ্রাহকদের আগে থেকেই নিয়ম সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব হচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত বিরোধের আশঙ্কাও কমছে।
দীর্ঘ সময়ের গ্রাহকও ব্যবসার সম্পদ
তবে সব ক্যাফে দীর্ঘ সময় অবস্থানকারী গ্রাহকদের নেতিবাচকভাবে দেখে না। কিছু প্রতিষ্ঠানের কাছে নিয়মিত গ্রাহক তৈরি করাই দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ।
ভারতের চেলভিস কফির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ধ্রুব সিং মনে করেন, একজন গ্রাহক দীর্ঘ সময় ক্যাফেতে অবস্থান করলেও তাঁকে চলে যেতে বলা উচিত নয়। কারণ একজন নিয়মিত গ্রাহক বছরের পর বছর প্রতিষ্ঠানে ফিরে এলে তা ব্যবসার জন্য ইতিবাচক। কয়েক ঘণ্টার জন্য একটি টেবিল ব্যবহারের চেয়ে দীর্ঘমেয়াদি গ্রাহক সম্পর্ককে তিনি বেশি গুরুত্ব দেন।
বেঙ্গালুরুর ক্যাথে ক্যাফের সুরেশ শর্মার দৃষ্টিভঙ্গিও প্রায় একই। তাঁর মতে, সব গ্রাহকের আর্থিক সামর্থ্য এক রকম নয়। অধিকাংশ গ্রাহক ভালো পরিমাণে খরচ করলেও কেউ কেউ একটি কফি নিয়ে দীর্ঘ সময় বসে থাকতে পারেন। বিষয়টিকে বড় সমস্যা হিসেবে দেখার পক্ষপাতী নন তিনি।
কতক্ষণ ক্যাফেতে বসে থাকা উচিত?
ক্যাফেতে কতক্ষণ অবস্থান করা যাবে, সে বিষয়ে সর্বজনীন কোনো নিয়ম নেই। বিষয়টি নির্ভর করে প্রতিষ্ঠানের ধরন, গ্রাহকের উপস্থিতি এবং কর্তৃপক্ষের নির্ধারিত নীতিমালার ওপর।
সাহিল ভাম্বরির মতে, কাজের উপযোগী ক্যাফেতে দুই থেকে তিন ঘণ্টা অবস্থানের সময়সীমা বিবেচনা করা যেতে পারে। এতে একজন গ্রাহক কাজের সুযোগ পাবেন, পাশাপাশি অন্যদের জন্যও টেবিল ব্যবহারের সুযোগ তৈরি হবে।
বিশেষ করে ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ টেবিল দখল করে না রাখা এবং বেশি সময় অবস্থান করলে সামর্থ্য অনুযায়ী অতিরিক্ত খাবার বা পানীয় অর্ডার করা গ্রাহকের সৌজন্যবোধের পরিচয় হতে পারে। তবে এ জন্য কাউকে নিজের সামর্থ্যের বাইরে খরচ করতে বাধ্য করা উচিত নয়।
সব মিলিয়ে ক্যাফেতে বসে কাজ করা কিংবা সময় কাটানো এখন আধুনিক জীবনযাপনের একটি পরিচিত অংশ। তবে গ্রাহকের ব্যক্তিগত সুবিধার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থও বিবেচনায় রাখা প্রয়োজন। ক্যাফে কর্তৃপক্ষের উচিত তাদের নিয়মকানুন স্পষ্টভাবে জানানো। একই সঙ্গে গ্রাহকদেরও প্রতিষ্ঠানের পরিবেশ ও অন্যদের সুবিধার প্রতি সম্মান দেখানো জরুরি। পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মধ্য দিয়েই ক্যাফে সংস্কৃতিকে আরও সুন্দর ও কার্যকর করে তোলা সম্ভব।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC