
জনপ্রিয় তুর্কি অভিনেত্রী এজে ইরতাম আর নেই। ‘ওয়ান লাভ’খ্যাত এই অভিনেত্রী গত ১৫ জুন নিজ বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তুর্কি সংবাদমাধ্যম তুর্কি টুডে এ তথ্য জানিয়েছে।
এজে ইরতামের আইনজীবী উর গোক্কোয়ুন এক বিবৃতিতে জানান, মৃত্যুর সময় অভিনেত্রী তার মায়ের সঙ্গে বাড়িতেই ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
আইনজীবী বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পর মৃত্যুর সঠিক কারণ জনসাধারণকে জানানো হবে। একই সঙ্গে এজে ইরতামের পরিবার ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এদিকে অভিনেত্রীর মা নুরিয়ে ইরতামের দেওয়া জবানবন্দি প্রকাশের পর তার মৃত্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ‘নিউ পেজ উইথ কানসু কানান’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে নুরিয়ে ইরতামের বক্তব্য তুলে ধরা হয়।
তিনি জানান, মৃত্যুর আগের দিন বিকেল ৫টা ৫১ মিনিটে তিনি ও তার মেয়ে পাশের বাড়ির একটি জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন। সেখানে কিছু সময় কাটিয়ে রাত ৮টা ৩৬ মিনিটে বাসায় ফেরেন।
বাসায় ফেরার পর এজে অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ সেবন করেন। নুরিয়ে ইরতামের দাবি, জন্মদিনের অনুষ্ঠানে অ্যালকোহলও পান করেছিলেন তার মেয়ে। পরে অসুস্থ বোধ করলে তাকে বিছানায় শুইয়ে দেওয়া হয়।
রাতে একবার এজেকে বাথরুমে যেতে দেখেন তার মা। এরপর তিনি নিজেও ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে নাশতার জন্য ডাকাডাকি করেও মেয়ের কোনো সাড়া পাননি।
ঘরে গিয়ে তিনি দেখতে পান, এজের মুখ থেকে অস্বাভাবিক ধরনের তরল বের হচ্ছে। নুরিয়ে ইরতাম বলেন, “সে প্রচুর মদ পান করেছিল এবং একই সঙ্গে শক্তিশালী অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধও গ্রহণ করেছিল।”
তবে এজে ইরতামের মৃত্যুর সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের শিবাস শহরে জন্মগ্রহণ করেন এজে ইরতাম। ইয়াসার বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর ২০১৪ সালে ‘রানঅ্যাওয়ে ব্রাইডস’ সিরিজের মাধ্যমে অভিনয়জগতে অভিষেক ঘটে তার।
পরবর্তীতে ‘ও হায়াত বেনিম’, ‘শেরেফ মেসেলেশি’, ‘ইয়েনি গেলিন’, ‘পায়ীতাত আব্দুলহামিদ’, ‘বাই ইয়ানলিস’, ‘মাহকুম’, ‘ইয়াসাক এলমা’ এবং ‘আইলে’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।
তার অভিনীত সর্বশেষ সিরিজ ‘ওয়ান লাভ’-এ ‘ইশিল’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এজে ইরতাম। তার আকস্মিক মৃত্যুতে তুরস্কের বিনোদন অঙ্গন ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।










