
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কেবল ব্যক্তি পরিবর্তন নয়, বরং সমগ্র পুলিশ প্রশাসনে সংস্কার আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
'নির্যাতন থেকে প্রতিরোধ: স্মৃতি, ন্যায়বিচার ও প্রতিবাদের বাংলাদেশ' শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে এনসিপির মানবাধিকারবিষয়ক সেল। সামান্তা শারমিন বলেন, "পুলিশ প্রশাসনের সংস্কার অবশ্যই করতে হবে। গুম, খুন ও নির্যাতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পুলিশ বাহিনী।"
তিনি জোর দিয়ে বলেন যে, শুধুমাত্র একজন মানুষ পরিবর্তন করলেই যে এটা সংস্কার, তা আমরা কেউ বিশ্বাস করি না। এরকম কত মানুষ পরিবর্তন হলো! আওয়ামী লীগ তো কম পরিবর্তন করেনি। এভাবে পরিবর্তন হবে না। তিনি বলেন, "নীতিমালা ও আইনে পরিবর্তন আনতে হবে।"
সামান্তা শারমিন আরও উল্লেখ করেন, "একজন মানুষ গুম বা খুনের শিকার হলে তার পরিবার অসহায় হয়ে পড়ে। এসব পরিবারের ক্ষতিপূরণ কে দেবে?" তিনি আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হওয়া সকল ব্যক্তিকে স্বীকৃতি ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। তিনি প্রশ্ন তোলেন, "পুলিশ সংস্কার নিয়ে আমাদের শেষ আলোচনা কবে হয়েছে? সর্বশেষ কোন রাজনৈতিক দল পুলিশ সংস্কার কমিশন নিয়ে আলোচনা করেছে?" তিনি দৃঢ়ভাবে বলেন যে, পুলিশ সংস্কার না হলে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার করবে, যা বাংলাদেশের বাস্তব চিত্র।
গুম, খুন এবং নির্যাতন প্রতিরোধে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি নতুন সামাজিক ও রাজনৈতিক চুক্তির আহ্বান জানান সামান্তা শারমিন।
আলোচনায় সভায় অংশ নেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পিএইচডি গবেষক খন্দকার আবদুর রকিব, এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন ও এস এম সাইফ মোস্তাফিজ, এবং যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC